মৌলভীবাজারে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৬, ৬:৩৬:৫৭ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে যথাযথ মর্যাদায় ও জনসচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ব্রাকের স্বাস্থ কর্মসূচির সহযোগিতায় এই দিবসটি উদযাপন করা হয়।
সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব ও মূল বক্তব্য উপস্থাপন করেন মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. বর্নালী দাশ। সভায় তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
তিনি তার বক্তব্যে বর্তমান সময়ে চিকিৎসার নতুন নতুন পদ্ধতি, বিশেষ করে পিআরপি থেরাপি সম্পর্কে আলোচনা করেন। তিনি জানান, দীর্ঘমেয়াদী ব্যথা বা ক্রনিক পেইন নিরাময়ে এই আধুনিক চিকিৎসা পদ্ধতি অত্যন্ত কার্যকর। আমরা এখন পিআরপি থেরাপির মতো উন্নত চিকিৎসা সেবা দিচ্ছি, যা রোগীর নিজস্ব রক্ত থেকেই তৈরি করা হয়। অনেক সময় দীর্ঘদিনের পুরনো ব্যথা সাধারণ ওষুধে সারতে চায় না, সেসব ক্ষেত্রে এই থেরাপি চমৎকার ফলাফল দিচ্ছে।
অনুষ্ঠানে সিএইচসিপি জুয়েল আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শুভ তুষার সিংহ, ডা. নমিতা রায় চৌধুরী, নজরুল ইসলাম মুহিব, ব্রাকের এরিয়া ম্যানেজার মো. মাসুদ আলম, সঞ্জিতা রানী নাথ, আন্তর মিয়া ও নাসির খান প্রমুখ। বক্তারা উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে বিজ্ঞানভিত্তিক চিকিৎসার প্রতি আগ্রহী করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।





