আসামে ভূমিকম্পে কাঁপলো সিলেট
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৬, ৮:৩০:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ২টা ৪৮ মিনিট ৩১ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উৎপত্তিস্থল ছিলো ভারতের আসামে।
ভূমিকম্পের ফলে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং ছাতকসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পনে সীমান্তসংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবীদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি। ভূমিকম্পটির গভীরতা মাত্র ৫ কিলোমিটার। হাইলাকান্দি থেকে সিলেটের দূরত্ব মাত্র ৭৪ কিলোমিটার হওয়ায় সিলেটের বিভিন্ন এলাকায় কম্পনটি ভালোভাবে অনুভূত হয়েছে।





