উপবৃত্তির আওতায় আসছে কওমী মাদ্রাসা
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৬, ৮:৫৭:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : প্রথমবারের মতো উপবৃত্তির আওতায় আসছে দেশের কওমী মাদ্রাসাগুলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার ফলে অর্থনৈতিকভাবে অসচ্ছল কওমী মাদ্রাসাগুলো সরকারি এই আর্থিক সহায়তার সুযোগ পাবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (উপবৃত্তি) নিখিল চন্দ্র হালদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কওমী মাদ্রাসা ছাড়াও কিন্ডারগার্টেন, ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম, স্বতন্ত্র এবতেদায়ী ও উচ্চ মাদ্রাসা সংলগ্ন এবতেদায়ীসহ সব ধরনের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উপজেলা, জেলা ও বিভাগ ভিত্তিক নির্ধারিত ছকে তাদের তথ্য বুধবার দুপুর ১টার মধ্যে পরিচালক (উপবৃত্তি) বিভাগের ই-মেইলে (ফরৎঢ়বংফ.ফঢ়ব@মসধরষ.পড়স) প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বিষয়টিকে অতিব জরুরি হিসেবে উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।
তথ্য প্রেরণের প্রক্রিয়া সম্পর্কে নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা বা থানা পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে জেলায় পাঠাতে হবে। জেলা পর্যায়ের সব তথ্য একত্রিত করে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে। এরপর বিভাগীয় উপপরিচালকগণ তাদের আওতাধীন সব তথ্য সমন্বয় করে সরাসরি অধিদপ্তরের ই-মেইলে পাঠাবেন। স্বাক্ষরিত পিডিএফ কপির পাশাপাশি তথ্যের সফট কপিও বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।





