সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৬, ৮:৫৩:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় সিলেটেও বাড়ছে হাম আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সিলেট হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু আরিশার বয়স পাঁচ মাস ২১ দিন। আরিশা সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জের বাসিন্দা।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, শিশু আরিশা নিউমোনিয়া ও জ্বর নিয়ে ৬ এপ্রিল নগরীর শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হয়। বুধবার তার অবস্থার অবনতি হওয়ায় ওসমানীর আইসিইউতে নেওয়া হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুইজনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম বা রুবেলা রোগ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৯ জনের শরীরে হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৬ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১২ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৩৬ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন ও হবিগঞ্জ
জেলা সদর হাসপাতালে ৪ জন ভর্তি রয়েছেন।
বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৬ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন, পার্কভিউ হাসপাতালে ১ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন ভর্তি রয়েছেন।





