ছিনতাইকারী ও চাঁদাবাজির তথ্যদাতাদের পুরস্কার দিবে এসএমপি
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৬, ১০:২৬:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে সাড়াশি অভিযানেও থেমে নেই ছিনতাই। সাম্প্রতিক সময়ে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। প্রকাশ্যে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে পুলিশের ভূমিকা নিয়ে চলছে সমালোচনা। এ অবস্থায় ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে তথ্যদাতাদের জন্য পুরষ্কার ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন ‘সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন তিনি।
এসএমপির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রেরিতে বিবৃতিতে- ছিনতাইকারী ও চাঁদাবাজদের গ্রেফতারের জন্য পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি জনসাধারণকে অপরাধ দমনে সম্পৃক্ত ও উৎসাহিত করতে তথ্যদাতাদের জন্য পুরস্কার প্রদানের ঘোষণা করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ‘নাগরিকদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে কোনো অপরাধী গ্রেপ্তার হলে, তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে এবং তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
তথ্য প্রদানের মাধ্যম হিসেবে মহানগর পুলিশের চালু করা GenieA App, এসএমপির হটলাইন নাম্বার: ০১৩৩৯৯১১৭৪২ এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া আইসিটি) এর মোবাইল নাম্বার ০১৩২০০৬৭০৩৮ উল্লেখ করা হয়।




