মোঘলগাঁওয়ে মসজিদের নামকরণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬, ৯:৩০:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলার মোঘলগাঁওয়ে মসজিদের নামকরণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে ডাকা সালিশ ˆবঠকে দুইপক্ষের মারামারিতে একজন নিহত হয়েছেন| শুক্রবার বিকালে এসএমপির জালালাবাদ থানাধিন মোঘলগাঁও ইউনিয়নের গালংশাহ গ্রামের পঞ্চায়েতি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে| নিহতের নাম দেলোয়ার হোসেন দিলবর (৫০)| তিনি ঐ গ্রামের মৃত মখন মিয়ার ছেলে|
শনিবার সকালে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মোহাম্মদ মঞ্জুরুল আলম|
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে গালংশাহ গ্রামের মসজিদের নামকরণ নিয়ে দুপক্ষের বিরোধ চলে আসছিল| বিষয়টি সমাধানের লক্ষ্যে শুক্রবার জুমার পর দুপক্ষ সালিশে বসে| এ সময় উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক উত্তেজনায় রূপ নিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন দিলবর| তাকে দ্রুত রাগীব রাবেয়া মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন| এরপর সন্ধ্যায় তার লাশ ওসমানী মেডিকেল মর্গে প্রেরণ করা হয়|
স্থানীয়দের বরাত দিয়ে জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব বলেন, গালংশাহ ও খাসের গাওয়ের লোকজনের মধ্যে মসজিদের নামকরণ নিয়ে কাটাকাটি হয়| একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়| এমন সময় প্রতিপক্ষের লোকজন দেলোয়ার হোসেন দিলবরের ঘাড়ে ছুরিকাঘাত করে| তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন| শনিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে| এই ঘটনায় এখনো মামলা ও আটক হয়নি| অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে|





