ওয়াইসিএলে সিলেটের ৫ ক্রিকেটার
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৭:৪৭:২২ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড| বিসিবি অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার সেরা খেলোয়াড়দেরকে নিয়ে প্রতি বছরই ইয়ুথ ক্রিকেট লিগ (ওয়াইসিএল) আয়োজন করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ক্রিকেটার বাছাই করে|
কক্সবাজারে বিসিবির গেইম ডেভেলপমেন্টের ব্যবস্থাপনায় চলছে ওয়াইসিএল| যুবাদের এই লিগে চারটি দল অংশ গ্রহণ করে থাকে| তাতে অংশ নেন দেশের সেরা যুব ক্রিকেটাররা| বিশ্বকাপের খেলোয়াড় বাছাইয়ের এই প্রতিযোগিতায় সিলেট বিভাগ থেকে এবছর সুযোগ পেয়েছেন ৫জন তরুণ ক্রিকেটার|
বিসিবির সিলেট বিভাগীয় কোচ নাজমুল হোসেনের তত্ত্বাধানে দীর্ঘ দিন থেকেই আছেন বিভাগের তরুণ ক্রিকেটাররা| ওয়াইসিএলেও ডাক পাচ্ছেন তারা| বিশেষ ব্যবস্থায় এসব ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করেন নাজমুল হোসেন| তিনি বর্তমানে ওয়াইসিএলেও কোচের দায়িত্ব পালন করছেন|
ওয়াইসিএলে সিলেট থেকে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন- সজীব আহমদ, আসাদুজ্জামান মাহি, ওয়াহিদুর রহমান তানিম, আরিয়ান আহমদ ও সাব্বির আহমদ| মাহি ও সজীব ওয়াসিইএলের চার দিনের ম্যাচ খেলতে কক্সবাজারে আছেন| ওয়াইসিএল ওয়ানডে ফরম্যাটে ডাক পাওয়া বাকী তিনজন বিভাগীয় কোচ নাজমুল হোসেনের তত্ত্বাবধানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পে আছেন|




