ডলারের দাম বাড়ার শঙ্কা
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৮:০৪:৫৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: দেড় মাসের বেশি সময় ধরে মধ্যপ্রচ্যে চলছে সংঘাত। এর ফলে জ্বালানির বড় সংকট দেখা দিয়েছে দেশে। সেই সঙ্গে নতুন করে ডলারের দাম বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে চাহিদার সঙ্গে কিছুটা বেড়েছে ডলার দাম। যার প্রভাব দেশের বাজারেও পড়েছে।
খোলা বাজারে গত এক মাস আগে প্রতি ডলার নগদ বিক্রি হয়েছে ১২৫ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১২৬ টাকার কিছুটা বেশি। দীর্ঘদিন ধরে ব্যাংকের থেকে এক টাকা বেশিতে বিক্রি করলেও সম্প্রতি দাম বাড়িয়ে দিয়েছে মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানগুলো। মধ্যপ্রচ্যের সংঘাতে বিশ্বের অস্থিরতার সঙ্গে দেশেও প্রভাব পড়েছে বলে জানায় প্রতিষ্ঠানগুলো। সেই সঙ্গে ডলার সরবরাহ কমেছে বলে জানায় তারা।
এদিকে ব্যাংকগুলোর সূত্রে দেখা গেছে, গত এক মাসে প্রতি ডলারের দাম এক টাকা বেড়েছে। এক মাস আগে ব্যাংকগুলো প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সায় বিক্রি করেছে। ৭ এপ্রিল তা ১২৩ টাকা ৫০ পয়সায় ওঠে। তবে পরের দুদিনে সেটা ১২৩ টাকায় নামে।
রিজার্ভের সবশেষ তথ্য বলছে, মার্চে ইতিহাসের রেকর্ড পরিমাণ ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে। তবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে আমদানি বৃদ্ধি ও পণ্য রপ্তানি কমায় বাণিজ্য ঘাটতি বেড়ে হয়েছে ১৭ বিলিয়ন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩২০ কোটি ডলার বেশি। এমন পরিস্থিতিতে সবশেষ ৯ এপ্রিল দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। যা বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী হয়েছে ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।
তবে এই মুহূর্তে ডলারের দাম বৃদ্ধির কোনো কারণ নেই বলে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে ডলারের সরবরাহ ও চাহিদার মধ্যে ভালো ভারসাম্য রয়েছে। আর ব্যাংকাররা বলছেন ডলারের দাম বেড়ে যাওয়ার আতঙ্কে অনেকেই তিন থেকে ছয় মাস পরের আমদানি বিল এখনই পরিশোধ করায় চাপ বাড়ায় দাম বেড়েছে। যা স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। মধ্যপ্রচ্যের সংঘাত স্থায়ী না হলে দেশের ডলারের বাজার দু-এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মানি চেঞ্জার্স ও ব্যাংকাররা।





