নগরে ৩২ ঘন্টায় পুলিশের জালে ৮৫
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৯:৪২:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর এলাকায় অপরাধ কর্মকান্ড দমন ও অপরাধীদের গ্রেফতারে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির অ্যাকশন অব্যাহত রয়েছে| গত ৩২ ঘন্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে আরো ১০৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ| আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী রয়েছেন| এসময় ১৩১ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে|
এসএমপি সূত্রে জানা গেছে, নগরজুড়ে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারীসহ সর্বমোট ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে|
শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়| এরমধ্যে নিয়মিত মামলার ৯ আসামী, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামী এবং ৩ জন মাদক কারবারি রয়েছেন| এসময় নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ২৭ জনকে গ্রেফতার করা হয়| এছাড়া এসময় নগরী থেকে ৮১ পিস ইয়াবা ট্যাবেলেট উদ্ধার করা হয়| এসময় অভিযানে বিভিন্ন প্রকার ৪১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৯০টি যানবাহন আটক করা হয়|
এদিকে, শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও পৃথক অভিযানে আরো ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ| এদের মধ্যে ৩ জন নিয়মিত মামলার আসামি, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ৯ জন মাদকসেবী, ১৬ জন সন্দেহভাজন আসামী ও ৭ জন হকার রয়েছেন| এসময় মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ৩ জনকে গ্রেফতার করা হয়|
রোবাবর এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে| নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি|





