একজন ভালো মা একটি ভালো জাতি উপহার দিতে পারেন : বিচারপতি নজরুল
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৬, ২:৪৭:২৭ অপরাহ্ন
বালাগঞ্জে প্রবাসীদের অর্থায়নে গড়ে উঠছে মেটারনিটি ক্লিনিক
স্টাফ রিপোর্টার : একটি স্বপ্নের সূচনা হলো বালাগঞ্জের দেওয়ানবাজারে। বর্ণিল আয়োজনে ‘আত-তাকওয়া প্রকল্পের ‘মেটারনিটি ক্লিনিক’-এর নির্মাণ কাজ শুরু হলো। যেখানে নিশ্চিত হবে বঞ্চিত ও অনগ্রসর মা-শিশুর নিরাপাদ স্বাস্থ্য সেবা।
রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের সূচনা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, অনগ্রসর ও বঞ্চিত এলাকার মা ও শিশুর মৃত্যুর হার কমিয়ে আনতে সঠিক চিকিৎসা ও যত্ন অপরিহার্য। তবে এটা একা কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা । তিনি বলেন, সমাজ ও দেশকে বাসযোগ্য করতে প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে এভাবেই এগিয়ে আসতে হবে। তবেই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে যাবে দেশ। তিনি ‘নেপোলিয়ন’র সেই অমর উক্তিটির কথা উল্লেখ করে বলেন, একজন ভালো ও সুস্থ মা-ই পারেন একটি ভালো জাতি উপহার দিতে।
তিনি কারিগরি শিক্ষার প্রসঙ্গ টেনে বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিতরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রধান কারিগর। উন্নত বিশ্বের ন্যায় অর্থনৈতিক বিপ্লব ঘটাতে দক্ষ মানবসম্পদ ও কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষিতরা একদিকে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে পারেন, অন্যদিকে বিদেশে গিয়ে প্রচুর রেমিটেন্স পাঠাতে পারেন। এক্ষেত্রে রুকন ফাউন্ডেশনের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ সময়োপযোগী পরিকল্পনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলী আহমদ নেছাওর। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তৃতা রাখেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের ট্রাস্টি, ‘আত্ব-তাকওয়া’ প্রজেক্ট কমিটির সেক্রেটারি ও যুক্তরাজ্যের করবি বারাহ কাউন্সিলের সাবেক মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান আছকির।
বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম হেলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, রুকন ডেভেলমেন্ট ফাউন্ডেশন ইউকের ট্রাস্টি ও প্রজেক্ট উপদেষ্টা ছহুল এ মুনিম, আব্দুল হক আবু, এখলাছুর রহমান লায়েক, ছানাওর আহমদ, আমেরিকা প্রবাসী মিশকাত চৌধুরী, মাহিদ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আছকর আলী, আব্দুর রূপ, বালাগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ আব্দুল হাই হারুন, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান, গহরপুর জামিয়ার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, খাগদিওর জামিয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, বদরুল আলম চৌধুরী, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক নজির উদ্দিন, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিন ও গহরপুর ব্লাড ফাইটার্সের সাধারণ সম্পাদক মুহিত আল মেরাজ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল এসের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি ও নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হুমায়নু রশিদ চৌধুরী, চ্যানেল এসের সিলেট ব্যুরো প্রধান মঈন উদ্দিন মনজু, দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, দেশ টিভির সিলেট প্রতিনিধি ও সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক খালেদ আহমদ ও দৈনিক নিউ নেশনের সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা ইসলাম উদ্দিন ফারুকী। এর আগে দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার ও আত্ব-তাকওয়া প্রকল্পের সাধারণ সম্পাদক, যুক্তরাজ্যের করবি বারাহ কাউন্সিলের ২বারের সাবেক মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান আছকিরের ওসমানীনগরের খাগদিওরস্থ গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (প্রকাশিত রুগনপুর) গ্রামে ১শ ৫০শতক জমিতে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্পের আওতায় আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিকের পাশাপাশি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং নার্সি ইন্সটিটিউটসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ইতোমধ্যে এই প্রকল্পে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে।




