বাঁধ কাটার অনুমতি পেলেন দেখার হাওরের কৃষকরা
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ১০:০১:১৩ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি: দেখার হাওরের কৃষকরা অবশেষে বাঁধ কাটার অনুমতি পেয়েছেন| রোববার দুপুরে হাওর পরিদর্শনে গিয়ে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নূরুল ইসলাম নুরুল এবং জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া কৃষকদের দাবির মুখে উথারিয়া বাঁধ কেটে মহাসিং নদীতে পানি নিষ্কাশনের মৌখিক অনুমোদন দেন|
জানা যায়, দেখার হাওরের সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার ও শান্তিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকায় প্রায় ৩৫ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে| সাম্প্রতিক বৃষ্টিপাত ও পানি নিষ্কাশনের অভাবে হাওরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অনেক কৃষকের ফসল তলিয়ে গেছে| অনেকেই পাকা হওয়ার আগেই কাঁচা ধান কেটে গো-খাদ্য হিসেবে ব্যবহার করছেন|
এর আগে, গত ১১ এপ্রিল পানির চাপে হাওরের মেলানী কিত্তায় গুজাউনী বাঁধ ভেঙে নদী, খাল ও ডুবরার পানি ফসলি জমিতে ঢুকে পড়ে| এতে পরিস্থিতি আরও অবনতি হলে কৃষকরা দীর্ঘদিন ধরে উথারিয়া বাঁধ কেটে পানি নিষ্কাশনের দাবি জানিয়ে আসছিলেন|
সংসদ সদস্য ও জেলা প্রশাসক উথারিয়া বাঁধে পৌঁছানোর আগেই আস্তমা, আসামপুর, কামরুপদলংসহ আশপাশের এলাকা থেকে শতাধিক কৃষক সেখানে জড়ো হন| এ সময় প্রবল বৃষ্টি ও ঝড় উপেক্ষা করেই তারা পরিদর্শন কার্যক্রম চালিয়ে যান|
পরিদর্শনকালে কিছু কৃষক বাঁধ কাটার অনুমতি দিতে বিল¤^ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন, ফলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়| পরে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে কোথায় বাঁধ কাটা হবে তা নির্ধারণ করে দেন| যদিও কিছু কৃষক নির্ধারিত স্থান নিয়ে ভিন্নমত পোষণ করেন|
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, নাদির আহমদ, আবদুল হকসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ|




