মালয়েশিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ২ লাখ অভিবাসী
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৬, ৮:১১:৩০ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ করে দিতে চালু করা প্রোগ্রাম রিপ্যাট্রিয়াসি মাইগ্রান ২.০-এর আওতায় ইতোমধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন অভিবাসী নিজ নিজ দেশে ফিরে গেছেন| দেশটির ইমিগ্রেশন বিভাগের অধীনে পরিচালিত এই উদ্যোগটি অবৈধ অভিবাসন ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ও বাস্তবধর্মী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে|
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৫ সালের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচিতে মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নাগরিক নিবন্ধন করেছেন| তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যেই স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন| কর্মসূচিটি চলতি বছরের ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে| তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে সরকার শুধু অবৈধ অভিবাসন সমস্যা নিয়ন্ত্রণেই অগ্রগতি অর্জন করেনি, বরং বিদেশি নাগরিকদের একটি ˆবধ ও সম্মানজনক উপায়ে নিজ দেশে ফেরার সুযোগও নিশ্চিত করেছে|
জাকারিয়া শাবান আরও জানান, এ কর্মসূচির আওতায় সরকার এখন পর্যন্ত মোট ১১ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৮৪০ রিঙ্গিত রাজস্ব সংগ্রহ করতে সক্ষম হয়েছে| এই অর্থ মূলত জরিমানা ও নির্ধারিত ফি থেকে এসেছে, যা জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলেছে|
ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বাধিক ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক| দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশি নাগরিকরা| এছাড়াও নেপাল, মিয়ানমার, ভারতসহ আরও বিভিন্ন দেশের নাগরিক এই উদ্যোগের আওতায় দেশে ফিরেছেন|
এদিকে, বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, ২০২৫ সালের ১৯ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রায় ৮৩ হাজার ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে| বর্তমানে অবৈধ প্রবাসীদের আবেদনের ভিত্তিতে প্রতিদিন গড়ে প্রায় ১০০টি ট্রাভেল পারমিট প্রদান করা হচ্ছে|





