সিলেটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৬, ৮:৩১:১৭ অপরাহ্ন

বাংলা নববর্ষ উপলক্ষে সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার সকাল ৯টায় সিলেট সার্কিট হাউজ প্রাঙ্গণে পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে সিলেট জেলা প্রশাসন|
বর্ষবরণ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ| এ দিন সিলেটের সর্বস্তরের মানুষ জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী ও গোত্র নির্বিশেষে এক মহামিলনমেলায় অংশগ্রহণ করেছে, যা জাতির ঐক্যের প্রতীক|
তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ এবং সিলেট অঞ্চলের মানুষও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে| এই মিলনমেলার মাধ্যমে সম্প্রীতি আরও সুদৃঢ় ও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন| পহেলা বৈশাখ উপলক্ষে সিলেটে ছিল নানা আয়োজন| সারদা হল প্রাঙ্গণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করে| এছাড়া ক্বিন ব্রিজের নিচে বৈশাখী মেলার আয়োজন করা হয়| সিলেট কেন্দ্রীয় কারাগার, বিভিন্ন হাসপাতাল ও শিশু পরিবার (এতিমখানা)সমূহে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়|
জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংগীত এবং ˆবশাখী সংগীত ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়| পরে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্বিন ব্রিজ সংলগ্ন সারদা হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়|
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন| বিজ্ঞপ্তি





