গোলাপগঞ্জে বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৬, ৭:১২:২৬ অপরাহ্ন
আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট আসছেন। প্রধানমন্ত্রীর সিলেট সফর সফল করতে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে গোলাপগঞ্জের হেতিমগঞ্জে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, দেশবাসীকে একটি সুখি-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে অবিরাম ছুটে চলেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় তিনি আগামী ২ মে সিলেটে আসছেন এবং নির্বাচনি ইশতেহারের মধ্যে থাকা একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি খাল খননের উদ্বোধন করবেন।
উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী সারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক চৌধুরী ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহিসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, শনিবার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের আরেংগাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি। ফিনল্যান্ড প্রবাসী সাহিদুর রহমান সুমন ও আতিকুর রহমান মোহনের মা-বাবার নামে গড়ে তোলা সংস্থা ‘জলিল এন্ড আফিয়া স্মৃতি ফাউন্ডেশন’র উদ্যোগে বেলা ২টায় আরেংগাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আব্দুল করিম।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আহমেদ ফয়ছলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফাত্তাহ বকসি, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম তাজুল।
স্বাগত বক্তব্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান এবং অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল বাসিত আরিফ। বিজ্ঞপ্তি





