সিমেবির ৪র্থ ভিসি অধ্যাপক ডা. জিয়া
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৮:১৬:১০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) ৪র্থ ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী| সোমবার ( ২৭ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রাহেলা রহমত উল্লাহ সই করা প্রজ্ঞাপনে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়| অপর এক প্রজ্ঞাপনে বর্তমান ভিসি অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়|
স্বাস্থ্যও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর ধারা ১১ (১) অনুযায়ী রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে| প্রজ্ঞাপন অনুযায়ী, ভিসি হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর| দায়িত্ব গ্রহণের আগে তাকে সরকারি চাকরি থেকে অব্যাহতি নিতে হবে| বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং বর্তমান পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন| রাাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়|
২০১৮ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে প্রথম ভিসি হিসেবে নিয়োগ পান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী| জনবল নিয়োগে বিতর্কের দায় কাঁদে নিয়েই ২০২২ সালের ২০ নভেম্বর তার মেয়াদ পূর্ণ করে বিদায় নেন| তার মেয়াদকালে বিশ্ববিদ্যালয়ে ২৪২ জনকে বিভিন্ন পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়|
পরবর্তীতে ২য় ভিসি হিসেবে ২০২৩ সালের ১ জানুয়ারি নিয়োগ পান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন| তিনি দায়িত্ব নেওয়ার পরই অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ করে দেন| তারপর থেকেই প্রায় সাড়ে ৩ বছর ধরে এ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে| ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর দেড় বছরের মাথায় পদত্যাগ করেন অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন|
পরবর্তীতে অন্তবর্তীকালীন সরকারের সময়ে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি ৩য় ভিসি হিসেবে নিয়োগ পান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারী| বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ১৪ মাস দায়িত্ব পালনের পর সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়| তিনিও পূর্বসূরীর পথ ধরেই জনবল সমস্যা সমাধান না করেই দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন|
জানতে চাইলে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী জালালাবাদকে বলেন, সিলেটবাসীর স্বপ্নের প্রতিষ্ঠান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়| মাঝখানে এই বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে| বিশ্ববিদ্যালয়টি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল| এটা কাটিয়ে উঠেছে| সিলেটবাসীর সহযোগিতায় স্বপ্নের এই বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রুপ দিতে চাই| আপনারা জানেন, ইতিমধ্যে জমি অধিগ্রহণ হয়েছে| আমি দায়িত্ব নিয়েই অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের কাজ শুরু করবো|
জনবল সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনবল ছাড়া বিশ্ববিদ্যালয় চলে না| অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে জনবল সমস্যা নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেটা বিধিসম্মতভাবে সমাধানের চেষ্টা করবো| আইনের বাইরে গিয়ে আমি কিছু করতে পারবো না| মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক বিধি অনুযায়ী সমস্যা সমাধান করা হবে|





