‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসির ফলাফল ভালো হবে না’
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৬, ৮:৩৮:২৬ অপরাহ্ন

১১ দলীয় ঐক্যের সিলেট জেলার অন্যতম শীর্ষনেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, গণভোট এবং সরকার গঠনে জাতীয় সংসদ নির্বাচন হলো দেশবাসীর ঐক্যবদ্ধ রায়। একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হলো অথচ দুইটি রায়ের একটি সরকার মানছে অন্যটি মানতে চাচ্ছে না। জনতার রায়ের প্রতি সরকারের এই অবজ্ঞা চরম ধৃষ্টতা। তিনি গণভোটের রায় বাস্তবায়নে সরকারের গড়িমসির ফলাফল ভালো হবে না মর্মে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, জনরায়কে প্রত্যাখান করার ফলাফল অতিতে কখনো ভালো হয়নি। সরকার এই বাস্তবতা যত দ্রুত বুঝবে ততই তাদের জন্য কল্যাণকর হবে।
তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুৎ ও জ্বালানীর সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মানুষকে সংকটে ফেলেছে কিন্তু সরকার এইসব গুরুত্বপূর্ণ ইস্যুতে সিরিয়াস মনে হচ্ছে না। তারা দলীয় এজেন্ডায় বিভিন্ন অগুরুত্বপূর্ণ কর্মসূচীতে ব্যস্ত। জনগণের মৌলিক সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ দৃশ্যমান হচ্ছে না। তিনি বলেন, ফ্যাসিবাদের দীর্ঘদিনের যাঁতাকলে পিষ্ট মানুষ এই নির্বাচিত সরকারের কাছে স্বস্তি চায় কিন্তু সরকার ইতোমধ্যে এই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন জনদুর্ভোগ লাঘবে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।
মাওলানা হাবিবুর রহমান রোববার বিকালে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানী সংকট নিরসন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিক্ষোভ সমাবেশ শেষে এক গণমিছিল নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। সিলেট জেলা জামায়াত সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন এবং জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা মাসুক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের নেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, জাতীয় নাগরিক পার্টির জেলা আহবায়ক জুনায়েদ আহমদ, বাংলাদেশ লেবার পার্টির সিলেট জেলা সাধারণ সম্পাদক দেওয়ান মতিউর রহমান খান, জাগপার সিলেট জেলা আহ্বায়ক রাসেল আহমদ, ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলা পশ্চিম সভাপতি আবু যোবায়ের প্রমূখ।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগপার সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, এনসিপি সিলেট জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল হাসান আরিফ, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা জামায়াত নেতা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন প্রমূখ। বিজ্ঞপ্তি





