মালয়দের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছি : মাহাথির মোহাম্মদ
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৬, ৭:৫৭:০৫ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ স্বীকার করেছেন, মালয় জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার দীর্ঘ প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি| দুই বছরের বেশি সময় ধরে রাজনৈতিক ও সামাজিকভাবে মালয়দের একত্রিত করার চেষ্টা চালিয়েও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন দেশটির প্রভাবশালী এই প্রবীণ নেতা|
মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (৭ মে) নিজের ফেসবুক পোস্টে মাহাথির এ স্বীকারোক্তি দেন| তিনি লেখেন, মালয় জাতিকে একত্রিত করতে আমি দুই বছরেরও বেশি সময় চেষ্টা করেছি| আমাকে স্বীকার করতেই হবে যে, আমি ব্যর্থ হয়েছি|
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী মাহাথির আশঙ্কা প্রকাশ করে বলেন, এই বিভক্তির কারণে ভবিষ্যতে দেশটি মালয়দের হাত থেকে বেরিয়ে যেতে পারে| তাঁর মতে, বর্তমানে মালয় সমাজে জাতি, দেশ ও ধর্মের চেয়ে ব্যক্তিনির্ভর রাজনীতি ও নেতাকেন্দ্রিক আনুগত্য বেশি গুরুত্ব পাচ্ছে, যা জাতিগত ঐক্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে|
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অবসরের পরও মাহাথির ধারাবাহিকভাবে মালয় রাজনৈতিক শক্তির ঐক্যের পক্ষে অবস্থান নিয়েছেন| বিভিন্ন সময়ে তিনি মালয়ভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আসছিলেন| তবে বাস্তব রাজনৈতিক বিভাজন, নেতৃত্বের দ্বন্দ্ব এবং ক্ষমতার লড়াইয়ের কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি বলে ধারণা করা হচ্ছে|
শতবর্ষ অতিক্রম করেও দেশের রাজনীতি নিয়ে সক্রিয় থাকা মাহাথিরের এই মন্তব্য ইতোমধ্যে মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে| বিশেষ করে আসন্ন রাজনৈতিক পরিস্থিতি ও মালয় ভোটব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দেশটির রাজনৈতিক মহলে|





