শ্রীমঙ্গলে একদিনে দুই মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ৬:৫১:৫৭ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনে পৃথক দুটি চা বাগান এলাকার পুকুর থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
শনিবার সকালে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের একটি পুকুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ও শ্রীমঙ্গল থানা পুলিশ এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পঞ্চাশোর্ধ ওই ব্যক্তির কোন পরিচয় পাওয়া না গেলেও অনেকেই তাকে শহরে রিকশা চালাতে দেখেছে বলে জানান।
এদিকে, একই দিন বিকেলে রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানের ৪ নম্বর এলাকা সংলগ্ন একটি পুকুর থেকে আবিদ আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবিদ আলীর বাড়ি ওই এলাকার ঘাটি বটেরতল এলাকায় বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, আবিদ আলী গত দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। পরে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এর আগে শুক্রবার ভাড়াউড়া চা বাগানের শংকর টিলা এলাকার একটি লেক থেকে এক অজ্ঞাত টমটম চালকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। টানা দুই দিনে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।





