রাজনগরে গৃহবধূকে গলা কেটে হত্যা চেষ্টা
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৬, ৭:২০:৪০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে রাতের আঁধারে লিলি বেগম (৪৫) নামের এক মহিলার গলা কেটেছে দুর্বৃত্তরা। সোমবার রাত দুইটায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল গ্রামে লোমহর্ষক এই ঘটনা ঘটে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গলায় ১৬৫টি সেলাই নিয়ে মৃত্যুর প্রহর গুনছেন হতভাগ্য এই মহিলা। তিনি পার্শ্ববর্তী সুনামপুর গ্রামের আশাব আলীর স্ত্রী।
গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের লোকজন বেড়াতে যাওয়ায় রাত প্রায় দুইটায় তাকে ঘরে একা পেয়ে টিনের দরজা জানালা ভেঙে ঘরে ঢুকেন দুই তিন ব্যক্তি। সাথে সাথে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে লিলির হাত ও পায়ে ধরে আটকে রাখেন দুইজন। এসময় গৃহবধূ চিৎকার করলে একজন ধারালো দা দিয়ে জবাই করার উদ্দেশ্যে গলা কাটতে থাকে। গলা কেটে রক্ত ভেসে মহিলা মারা গেছেন এমনটা নিশ্চিত হয়ে ঘাতকরা দ্রুত পালিয়ে যায়। পরে পাশের বাড়ির লোকজন এগিয়ে এলে তার গলাকাটা আর্তনাদ শুনে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
লিলি পুত্র আইনুদ্দিন মঙ্গলবার বেলা সাড়ে দশটায় বলেন, মা হাসপাতালে কাতরাতে কাতরাতে আমাকে বলেছেন, ‘গলা কাটতে যারা এসেছিল তাদের কন্ঠ আমি শুনেছি। তাদের আমি চিনে ফেলেছি’। এখন তিনি হাসপাতালে আইসিইউ-তে অজ্ঞান হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। আইনুদ্দিন আরও জানান, সুনামপুর গ্রামের দুই ব্যক্তির ছেলেকে আমার ভাই খলিল কাতারে পাঠিয়েছিলেন। বিদেশ পাঠানোর টাকা চাওয়ায় তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গালাগালি করে। পরে তারা আমাদের দেখে নেবে বলে হুঁশিয়ারি করে। তিনি বলেন, ৪ আসামীর নাম উল্লেখসহ রাজনগর থানায় অভিযোগ দায়ের করেছি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া মঙ্গলবার বেলা ১১ টায় জানান, মহিলার গলা কাটার ঘটনায় গত রাতে ৪-৫ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা আসামিদের বাড়িতে গিয়েছিলাম, তাদের পাওয়া যায়নি। তাদের দ্রুত গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।





