সিলেটেই বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৬, ২:৫৯:৫৫ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার : দুই-তিন দিন ধরে গুঞ্জন ছিলো সিলেট টেস্ট ঢাকায় স্থানান্তরিত হতে পারে। সিলেটে বৃষ্টির জোর পূর্বাভাস আছে। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিলো বিসিবি।
মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়ে দিয়েছে, সিলেটে ভেন্যু বদলের কোনই সম্ভাবনা নেই। আবহাওয়া নিয়ে উদ্বেগের কারণে মিডিয়া থেকে দ্বিতীয় টেস্টে ভেন্যু পরিবর্তনের কিছু প্রশ্ন পেয়েছে বিসিবি। তার আলোকেই এ বিজ্ঞপ্তি।
তারও আগে বিসিবির গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ কাজটা সহজ নয়। সিলেট থেকে ঢাকায় টেস্ট স্থানান্তর করতে হলে সবার আগে ঢাকার উইকেট নিশ্চিত করতে হবে। এক টেস্ট শেষ হওয়ার পর আরেক টেস্টের জন্য উইকেট তৈরি করা দুই-চারদিনের কাজ না।
দ্বিতীয় টেস্ট হবে সিলেটে, ঢাকার শেরে বাংলায় নয়; এটা জেনে, বুঝে ও ধরেই উইকেটের কোন পরিচর্যা ও কাজ করা হয়নি। সামনের ৩/৪ দিনে একটা নতুন টেস্ট উইকেট তৈরি মোটেই সহজ কাজ না। খুব কঠিন। কাজেই ঢাকায় টেস্ট স্থানান্তর সহজ নয়। সম্ভাবনা খুব কম। তখনই বোঝা গিয়েছিল, ঢাকায় টেস্ট স্থানান্তরের সম্ভাবনা খুব কম। পরে বিসিবির দেওয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার হয়েছে, দ্বিতীয় ও শেষ টেস্ট সিলেটেই হবে। ঢাকায় না।
এদিকে, মিরপুর টেস্টের শেষ দিনে শেষ সেশনে ম্যাচে যখন জমে উঠেছে রোমাঞ্চ, বিসিবি তখন ঘোষণা করল পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের বাংলাদেশ স্কোয়াড। সেখানে অবশ্য উত্তেজনার খোরাক কিছু নেই। প্রথম টেস্টের স্কোয়াডে আনা হয়নি কোনো পরিবর্তন।
প্রথম টেস্টের স্কোয়াড দিয়ে প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়া অমিত হাসান থাকছেন স্কোয়াডে। জাতীয় লিগে তিনি সিলেটের হয়েই খেলে থাকেন। দেড় বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা তাসকিন আহমেদও রয়ে যাচ্ছেন স্কোয়াডে। যদিও টানা দুটি টেস্ট তিনি খেলতে পারবেন কি না বা খেলানো হবে কি না, সেই প্রশ্ন থাকবে। একই কৌতূহল থাকবে নাহিদ রানাকে নিয়েও।
সিলেট টেস্ট শুরু আগামী শনিবার। মিরপুর টেস্ট শেষে দুই দলই সিলেট আসবে আজ বুধবার।
বাংলাদেশ টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান, অমিত হাসান।





