মাজারে আসা ভিক্ষুক নারীকে ধর্ষণের অভিযোগে আটক ৩
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৬, ৯:১৭:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক ভবঘুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে র্যাব-৯। এঘটনায় আরও একজন পলাতক রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
র্যাব-৯ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি পেশাগতভাবে ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত। তিনি সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের জন্য আসেন এবং পথে পথে ভিক্ষা কার্যক্রম চালাতে থাকেন। সোমবার (১১ মে) রাতে সিলেটের শাহপরান মাজার এলাকায় এক ব্যক্তি প্রথমে ওই নারীর সঙ্গে পরিচিত হন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে কথা বলেন। পরে তাকে কৌশলে লোহারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই অবস্থান করা কয়েক ব্যক্তি এবং আরও কিছু সিএনজি অটোরিকশাচালক মিলে তাকে আটক করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর মঙ্গলবার সকালে ভুক্তভোগী পাশের ভাড়াটিয়াদের কাছে বিষয়টি জানালে স্থানীয়রা র্যাবকে খবর দেন। পরে র্যাব-৯ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এ সময় একটি সিএনজি অটোরিকশা ও একটি ধারালো অস্ত্র (ছুরি) জব্দ করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে আরো ১ জনকে আটক করে র্যাব। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি র্যাব।
র্যাব-৯ এর সিপিএস কোম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে তাদের দেওয়া তথ্যের মিল পাওয়া গেছে। পলাতক অপর সিএনজি অটোরিকশা চালককেও গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়ের করা হবে এবং আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।





