সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৬, ৯:৩১:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া পাঁচ বয়সী শিশু বন্ধন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এরমধ্যে ৪ জনের হাম নিশ্চিত হওয়া গেছে। বাকীরা উপসর্গে মারা যান।
শুক্রবার (১৫ মে) সকালে এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডা. নুরে আলম শামীম।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগে নতুন কারো হাম নিশ্চিত না হলেও এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ শিশু। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৩১১ জন রোগী।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে হবিগঞ্জ ১৬ (২ জন রুবেলা), মৌলভীবাজারের ১৬, সুনামগঞ্জের ৭৫ ও সিলেটের ৪২ জন রয়েছেন।





