বিল্ড ক্যারিয়ার চাইল্ড স্কুলে অধ্যক্ষ আব্দুর রশীদ সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৬, ৭:৩৫:৪১ অপরাহ্ন

বিশ্বনাথ সংবাদদাতা : উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় বিশ্বনাথের বৈরাগী বাজারে অবস্থিত বিল্ড ক্যারিয়ার চাইল্ড স্কুলের প্রতিষ্ঠালগ্ন পরিচালক আব্দুর রশীদকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
গতকাল ১৫ মে,২০২৬) শনিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনসুর আহমদের পরিচালনায় ও বিদ্যালয়ের অন্যতম শুভাকাঙ্ক্ষী ক্বারী ফরিদ আহমদের সভাপতিত্বে এবং হাফিজ হাবিবুর রহমানের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৫ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা হাফিজ আরব খান বলেন, “শিক্ষিত, যোগ্য ও দূরদর্শী নেতৃত্ব একটি শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রার প্রধান শক্তি। জনাব আব্দুর রশীদের মতো অভিজ্ঞ ও শিক্ষানুরাগী ব্যক্তি উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে তাঁকে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।”
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বিশ্বনাথ উপজেলা শাখার নির্বাহী সভাপতি ও পালের চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাহার হেকিম বলেন, “একজন আদর্শ শিক্ষকের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তাঁর সততা, নেতৃত্বগুণ ও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা। জনাব আব্দুর রশীদ দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে কলেজটি শিক্ষা, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা আশাবাদী।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ কলেজের সাবেক ছাত্রনেতা ও বর্তমান বিএনপি নেতা জনাব আজাদ নুর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং বিল্ড ক্যারিয়ার চাইল্ড স্কুলের অন্যতম পরিচালক শহীদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের গভর্নিংবডির অভিভাবক সদস্য সুহেল আহমদ , বিশিষ্ট রাজনীতিবিদ ফরিদ আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জায়েদ আলী, মুসলিম সুইটমিট বৈরাগী বাজার শাখার স্বত্বাধিকারী সৈয়দ আশরাফ হোসেন জায়েদ, আলমগীর হোসেন – সহকারী শিক্ষক আল আজম স্কুল এন্ড কলেজ প্রমুখ।
মহিলা অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন নাছিমা বেগম, কলি দেব, শ্রীমতি রায়, সুমিতা রায় ও মৌমিতা রায়।
সংবর্ধিত অতিথি জনাব আব্দুর রশীদ তাঁর বক্তব্যে বলেন, “বিল্ড ক্যারিয়ার চাইল্ড স্কুল পরিবারের এই আন্তরিক ভালোবাসা ও সম্মান আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা ও সবার সহযোগিতার মাধ্যমে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজকে একটি আধুনিক, মানসম্মত ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব। দায়িত্ব পালনে আমি সকলের দোয়া, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।





