নগরীতে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৬, ৯:৩৯:৫০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের শহরতলী থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৯টার দিকে শাহপরান থানাধিন সুরমা বাইপাস সড়কের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রবেশমুখে চেকপোস্ট পরিচালনা করে এসব জিরা জব্দ করা হয়। এসময় একটি কভার্ডভ্যানসহ একজনকে আটক করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা।
এসএমপি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে শহরতলীর সুরমা বাইপাস এলাকার ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের সামনে চেকপোষ্ট চালিয়ে ঢাকা মেট্রো-ট-২২-৪৪০৮ নম্বরের একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ১১৭ বস্তায় থাকা ৩ হাজার ৫১০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দ করা জিরার আনুমানিক মূল্য ২১ লাখ ৬ হাজার টাকা। এসময় কাভার্ডভ্যান সহ একজনকে আটক করা হয়।
আটককৃতের নাম মো. মারুফ হোসেন (৩১)। তিনি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ১৬ নম্বর শাকচর এলাকার দুধা মাঝি বাড়ির মৃত ইউসুফ আলীর ছেলে।
রোববার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, এ ঘটনায় শাহপরান থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।





