নগরে মাদকসেবীর ছুরিকাঘাতে র্যাব সদস্য খুন
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৬, ৯:৪৫:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে মাদকসেবীর ছুরিকাঘাতে এক র্যাব সদস্য খুন হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে নগরীর ক্বিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ২ পুলিশ সদস্য আহত হন। নিহত র্যাব সদস্যের নাম ইমন আচার্য্য। তিনি সিলেট র্যাব-৯ এ কর্মরত ছিলেন। ঘাতক আসাদুল আলম বাপ্পিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) বিকেলে এর সত্যতা নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।
এসএমপি সূত্রে জানানো হয়েছে, শুক্রবার দুপুর ১২টার দিকে নগরী চাঁদানীঘাট এলাকায় বসে মাদকসেবন করছিলো কয়েকজন ছিনতাইকারী ও মাদকসেবী। এসময় পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া থেকে বাঁচতে দৌড় দেয় তারা। ঘটনার সময় ওই এলাকায়ই সাদা পোশাকে ছিলেন র্যাব সদস্য ইমন আচার্য। পালাতে যাওয়া এক ছিনতাইকারীকে ঝাপটে ধরেন তিনি। দুজনের মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইমনের বাম বুকে ছুর চালিয়ে দেয় ওই ছিনতাইকারী। আহত অবস্তায় দ্রুত তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আইসিইউ-২-এ চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। নিহত ইমন আচার্যের কনস্টেবল নম্বর ৬৯১৭৯০। তিনি দীর্ঘদিন ধরে র্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, শুক্রবার সকালে পুলিশ এক দল ছিনতাইকারীকে ধাওয়া করার সময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে থাকা র্যাব সদস্য ইমন আচার্য ঝাপটে ধরেন। এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আনুমানিক দেড়টার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, অভিযান চালিয়ে হামলাকারী ছিনতাইকারী আটক আসাদউল আলম বাপ্পীকে আাটক করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।





