বড়লেখায় অভিনব কায়দায় টাকা চুরি : শিশুসহ গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৬, ৯:৩৮:০৫ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখার শাহবাজপুর বাজারের রাসেল ডিপার্টমেন্টাল স্টোরের মালিককে মালামাল ক্রয়ে ব্যস্ত রেখে অভিনব কায়দায় ৭ বছরের এক শিশুকে ব্যবহার করে ক্যাশবা´ থেকে ৫ লাখ টাকা চুরি করে নেওয়া সেই শিশু ও বোরকা পরিহিত দুই নারীকে অবশেষে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। এরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামী স্মৃতি বেগম ও শিশু বাবু মিয়ার তথ্যের ভিত্তিতে ২৭ মে ভোরে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার ওমর কবল কাশবন এলাকার বাচ্চু মিয়ার কলোনী হতে অপর আসামি শানু বেগমকে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতার দুই নারীকে কারাগারে প্রেরণ এবং শিশু বাবু মিয়াকে প্রবেশনাল অফিসারের পরামর্শে তার নানী মোর্শিদা বেগমের জিম্মায় দিয়েছে পুলিশ।
জানা গেছে, ১০ মার্চ বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারস্থ ‘রাসেল ভেরাইটিজ স্টোর’ নামক মুদি দোকানে অভিনব কায়দায় চুরি সংঘটিত হয়। চোরেরা ক্যাশবাক্স থেকে ৫ লাখ টাকা নিয়ে যায়। দোকানের সিসি ক্যামেরা পর্যালোচনায় দেখা যায়, দুপুর অনুমান ১ টা ৫ মিনিটে দোকানে অজ্ঞাতনামা ২ জন বোরকা পরিহিত মহিলা মালামাল ক্রয়ের অজুহাতে দোকান মালিককে ব্যস্ত রাখে। এই ফাঁকে ৭ বছর বয়সী এক শিশু ক্যাশবাক্সে থাকা পাঁচ লক্ষ টাকা নিয়ে দুই নারীসহ সটকে পড়ে। থানা পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণপূর্বক আসামী সনাক্ত করে ২৬ মে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের সহায়তায় স্মৃতি রানি শাহজি ওরফে স্মৃতি বেগম (৩১) এবং চুরির ঘটনায় সম্পৃক্ত শিশু বাবু মিয়াকে বিশ্বনাথ উপজেলার সন্ধানী ক্লিনিক এলাকা হতে আটক করে। পরে স্মৃতির দেওয়া তথ্যে অপর আসামি শানু বেগমকে ২৭ মে দক্ষিণ সুরমা এলাকার ওমর কবল কাশবন এলাকার বাচ্চু মিয়ার কলোনী হতে গ্রেফতার করে।
থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, দোকানদারকে মাল ক্রয়ে ব্যস্ত রেখে শিশু দিয়ে কাশবাক্সের টাকা চুরিই গ্রেফতার মহিলাদের পেশা। এরা সিলেটের বিভিন্ন জায়গায় এই অভিনব কৌশলে চুরি সংঘটিত করেছে। বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেফতারকৃত দুই নারীকে ২৭ মে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ ও শিশু বাবু মিয়াকে শিশু আইন, ২০১৩ এর ৪৭ ধারা মোতাবেক প্রবেশনাল অফিসারের পরামর্শে তার নানী মোর্শিদা বেগমের জিম্মায় দিয়েছেন।






