প্রেসক্লাবে প্রাক-বাজেট সংবাদ সম্মেলন : নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৬, ৬:৪৪:২৬ অপরাহ্ন
বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি এবং দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ উৎপাদন ব্যয়ের প্রেক্ষাপটে জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ, পরিবেশকর্মী ও নবায়নযোগ্য জ্বালানি খাতের সংগঠকরা|
বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত বৈশ্বিক জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি: প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি জানান| অনুষ্ঠানের আয়োজন করে ক্লিন, আইডিয়া এবং বিডিইডি|
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে তেল, এলএনজি ও কয়লার মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয় আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে| একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎব্যবস্থার কারণে ˆবদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ছে এবং বিপুল পরিমাণ ভর্তুকি ও ক্যাপাসিটি পেমেন্ট রাষ্ট্রীয় অর্থনীতির ওপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করছে|
তারা বলেন, দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার তুলনায় নবায়নযোগ্য জ্বালানির অবদান এখনও অত্যন্ত সীমিত| অথচ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, সৌর সেচ ব্যবস্থা, কৃষিভিত্তিক সৌরবিদ্যু, জলাশয়ভিত্তিক ভাসমান সৌরবিদ্যুৎ এবং কমিউনিটি-নিয়ন্ত্রিত নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার মতো উদ্যোগগুলো দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে|
বক্তারা জাতীয় বাজেট ২০২৬-২৭-এ নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধি, সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর কর ও শুল্ক প্রত্যাহার, সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান এবং কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান|
তারা আরও বলেন, নতুন কয়লা, তেল ও এলএনজিনির্ভর বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ সীমিত করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে হবে| একই সঙ্গে জাতীয় বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন, নেট মিটারিং সম্প্রসারণ এবং শিল্পখাতে সবুজ জ্বালানির ব্যবহার নিশ্চিত করাও সময়ের দাবি|
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু সহনশীল ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে এখনই নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় অগ্রাধিকারে পরিণত করতে হবে| অন্যথায় জীবাশ্ম জ্বালানিনির্ভরতা দেশের অর্থনীতি ও পরিবেশ উভয়ের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে|
সংবাদ সম্মেলনে পরিবেশকর্মী, জ্বালানি বিশেষজ্ঞ, শিক্ষার্থী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন|
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফেড কমিটির সভাপতি অধ্যাপক তাহমিনা ইসলাম, আইডিয়ার পরিচালক নাজিম আহমদ, ফেড কমিটির সদস্য ও সোলার প্যানেল ইস্টলার মোহাম্মদ ফুরুক, আইডিয়ার কর্মকর্তা তামান্না আহমদ, ক্যাম্পেইন এসোসিয়েট নোমান খান| বিজ্ঞপ্তি





