বালুর নিচে ৭৫ বস্তা ভারতীয় জিরা : আটক ১
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৮:৪০:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে প্রায় ১১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে জালালাবাদ থানার শিবেরবাজার বটেরতল এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাকসহ একজনকে আটক করা হয়।
আটককৃতের নাম সাদিকুর রহমান (৩২)। সে জালালাবাদ থানার নলকট গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে।
সোমবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এসএমপি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ জুন) বিকেলে জালালাবাদ থানার শিবেরবাজার বটেরতল এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি বালুবাহী ট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকের বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার মোট ওজন প্রায় ২ হাজার ২৫০ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।




