দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৮:৪৪:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্যসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ১২টার দিকে কদমতলী টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম সবুজ লিটন (৩৮)। সে কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হেমন্তগঞ্জ গ্রামের বাদল মিয়ার পুত্র ও বর্তমানে দক্ষিণ সুরমার শিববাড়ীস্থ সোনা মিয়ার বাসায় বসবাস করছে।
রোববার রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম। এই ঘটনায় আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদেরকে গ্রেফতারের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।
এসএমপি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত অনুমান ১২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনালগামী পাকা রাস্তার পার্শ্বে সাউথ সিটি আবাসিক হোটেলের পিছনে মাসুম মিয়ার কলোনী থেকে এক চোরাকারবারিকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। এসময় একটি প্যাডেল চালিত কাঠের ছাউনীযুক্ত ভ্যান রিক্সা, ১টি সিএনজি চালিত অটোরিক্সা সহ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়। এরমধ্যে ভারতীয় ফেইসওয়াশ, বোতল সিরাপ, ক্লপ-জি ক্রিম আটক করা হয়। এস পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লক্ষ ৬৪ হাজার ৮০০ টাকা।






