খন্দকার বাজার হাইস্কুলের ৩ শিক্ষককে আবেগঘন সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৭:৫১:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এক অনন্য আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো ওসমানীনগরের ঐতিহ্যবাহী খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়। অশ্রুসজল নয়নে ও বর্ণাঢ্য আয়োজনে প্রিয় তিন শিক্ষককে একসাথে দেওয়া হলো অবসরজনিত ও মরণোত্তর বিদায় সংবর্ধনা।
বুধবার (১৮ জুন) সকালে বিদ্যালয় হলরুমে গুণী এই তিন শিক্ষককে শ্রদ্ধা ও উপহারের ডালি সাজিয়ে সংবর্ধিত করা হয়। সংবর্ধনার আয়োজন করেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। অবসরজনিত বিদায় সংবর্ধনায় ভূষিত হয়েছেন সিনিয়র শিক্ষক বাবু সুকুমার সরকার, যিনি এই বিদ্যালয়ের টানা ৪২ বছর শিক্ষকতায় কাটিয়েছেন। আর মরণোত্তর বিদায় সংবর্ধনা পেয়েছেন বিদালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুস সোবহান চৌধুরী ও সিনিয়র শিক্ষক তারা মিয়া।
বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ও জালালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহজাহান মাসুকের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র সাংবাদিক আহবাব মোস্তফা খানের পরিচালনায় অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ও বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু। বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ফয়সল আহমদ, আব্দুল জলিল, ছোরাব আলী, বিদ্যালয়ের শিক্ষক পাবলুল হক ও নবম শ্রেনীর ছাত্রী তিন্নি আক্তার। বিদায়ী শিক্ষকের উদ্দেশে মানপত্র পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী আলবাব মোস্তফা খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্র আবরার মোস্তফা খান, আখতার আহমদ, আপ্তাব আলী, চান্দ আলী, ফজলু মিয়া, নাঈম খান, গোলাম রব্বানী সাজু, চৌধুরী নিশাত তাসনিম এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ অনেকে।
শুরুতেই কোরআন তেলাওয়াত করেন প্রাক্তন ছাত্র সেজন সুজা। দোয়া পরিচালনা করেন ঐতিহ্যবাহী গহরপুর মাদরাসার মুহাদ্দিস শায়খ আব্দুর রহমান। সবশেষে সংবর্ধিত শিক্ষক ও তাদের পরিবারকে উপহার প্রদান করা হয়।




