সিলেট হলিডে হোম উদ্বোধন প্রবাসীকল্যাণ মন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৮:২৫:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
প্রবাসীদের এবং প্রবাসী নেক্সট জেনারেশনকে দেশের প্রতি আকৃষ্ট করার জন্য সরকারের পক্ষ থেকে যে ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়া দরকার তা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
প্রবাসী বিনিয়োগকারীদের উদ্যোগে সিলেটের খাসদবীর পয়েন্টে বৃহস্পতিবার (১৮জুন) দুপুরে এয়ারবিএনবি’র আদলে সিলেট হলিডে হোমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।
এসময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট হলিডে হোমের উদ্যোক্তা যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী শাহ মুনিমকে বাংলাদেশে এসে বিনিয়োগ করায় ধন্যবাদ জানিয়ে বলেন, এই হলিডে হোমের নিরাপত্তায় যাতে কোন ব্যাঘাত না ঘটে সেজন্য পুলিশসহ সংশ্লিষ্ট বিভাগকে তিনি নির্দেশনা দিবেন। প্রবাসীদের বিনিয়োগে গড়া প্রতিষ্ঠানে সব ধরনের নিরাপত্তা সরকার দিবে-জানান মন্ত্রী।
সিলেট হলিডে হোমের উদ্যোক্তা শাহ মুনিম জানান, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা প্রবাসীদের একত্রিত করে দেশে বিনিয়োগ করার জন্য ‘গ্লোবালাইজিং সিলেট’ নামে একটি প্লাটফর্ম করেছেন। এই প্লাটফর্মের পেট্রন হিসেবে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নাম প্রস্তাব করে বলেন, তিনি (আরিফুল হক চৌধুরী) সারাজীবন প্রবাসীদের জন্য কাজ করেছেন। তিনি সাথে থাকলে প্রবাসীরা দেশে বিনিয়োগে আরো বেশি আকৃষ্ট হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফারুক আহমেদ মিসবাহ, গার্ডেন টাওয়ারের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, আমেরিকার ডেট্রয়েট পাবলিক স্কুলের সাবেক শিক্ষক শাহ আব্দুস খালিশ, সমাজসেবী আব্দুল মতিন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সহ সভাপতি দেলোয়ার হোসেন খান, উপদেষ্টা ইদ্রিস আলী, সেক্রেটারি আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ সাগর, সাবেক সাধারণ সম্পাদক আমীন তাহমীদ, বিশিষ্ট সমাজসেবী আমিন পারভেজ, বিশিষ্ট সমাজসেবী কাপ্তান মিয়া, কাজী আফম আব্দুল কাইয়ুম, ইউসুফ শেলু, বেলাল উদ্দিন, দেলোয়ার আহমদ, সুইট আহমদ, সাজ্জাদ আহমদ চৌধুরী, পাপ্পু আহমেদসহ আরো অনেকে।





