জলাবদ্ধতা নিরসনে উন্নয়ন প্রকল্প চলমান: সিসিক প্রশাসক
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৬, ৮:০৯:৩৩ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ছাড়া একটি বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়। নগরবাসীকে জলাবদ্ধতা, পরিবেশদূষণ ও বর্জ্যজনিত দুর্ভোগ থেকে মুক্তি দিতে সিলেট সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এবং আখালিয়া নতুনবাজার থেকে ডলিয়া পয়েন্ট পর্যন্ত সড়কের উভয় পাশে আরসিসি ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এসটিএস নির্মাণের মাধ্যমে বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থা আরও আধুনিক, সুশৃঙ্খল ও কার্যকর হবে। পাশাপাশি নতুন ড্রেন নির্মাণের ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হবে এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিসিক প্রশাসক আরও বলেন, উন্নয়ন কাজের মূল লক্ষ্য নাগরিকদের জীবনমান উন্নয়ন। তাই প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরে তিনি সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন। একই দিন ৩, ৯ ও ১৭ নম্বর ওয়ার্ডের মক্তবগলির বিভিন্ন সড়ক ও ছড়া পরিদর্শন করে পানি প্রবাহ স্বাভাবিক রাখা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চলমান উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমেদ, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চান মিয়া বাচ্চু, যুগ্ম আহ্বায়ক রাজু আহমদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালেহ আহমদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, রাজুসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি





