তাহিরপুরে বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৬, ৮:১৬:০৪ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী লাউরগড় এলাকায় একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
মেডিকেল ক্যাম্পে বিজিবি সিলেটের ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. নাজমুল আরেফিন স্থানীয় প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। একই সঙ্গে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের যেকোনো জরুরি পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে বিজিবি এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।






