গ্রুপ থিয়েটার ফেডারেশনের সিলেট বিভাগীয় অভিনয় কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৬, ৯:৩০:২৭ অপরাহ্ন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে সিলেট বিভাগে দুই দিনব্যাপী অভিনয় বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে।
গত ১০ জুলাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টারে কর্মশালার উদ্বোধন করা হয়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও উপাধ্যক্ষ মো. জালাল উদ্দিন রুমির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের অর্থ সম্পাদক রফিক উল্লাহ সেলিম, দপ্তর ও প্রশিক্ষণবিষয়ক ভারপ্রাপ্ত সম্পাদক এবং কর্মশালার সদস্য সচিব খোরশেদুল আলম এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন। এ সময় মোবাইল ফোনে ভার্চুয়ালি যুক্ত হন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ।
কর্মশালার প্রশিক্ষক ছিলেন বিশিষ্ট নাট্যনির্মাতা, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. সাইদুর রহমান লিপন।
১১ জুলাই বিকেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক ও কর্মশালার আহ্বায়ক খন্দকার শাহ আলম, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসেত শেরু, কথাকলির সভাপতি নীলাঞ্জন দাস টুকু এবং দিক থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য মোতাহের সোহেল।
এ সময় বক্তারা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নাট্যচর্চার মানোন্নয়ন এবং নতুন প্রজন্মের শিল্পীদের দক্ষতা বিকাশে এ ধরনের কর্মশালার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
দুই দিনব্যাপী কর্মশালায় সিলেট বিভাগের ৪১ জন নাট্যকর্মী অংশগ্রহণ করেন। এতে শায়েস্তাগঞ্জ থিয়েটার, প্রতীক থিয়েটার, খোয়াই থিয়েটার, দেশ নাট্যগোষ্ঠী, জীবনচক্র থিয়েটার, তারুণ্য নাট্যগোষ্ঠী, কথাকলি, থিয়েটার সাস্ট, নবশিখা, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড, নাট্যায়ন, থিয়েটার বাংলা, দিক থিয়েটার, বন্ধন থিয়েটার, রংগালয় সুনামগঞ্জ থিয়েটার, থিয়েটার সুনামগঞ্জ, প্রসেনিয়াম থিয়েটারসহ বিভিন্ন নাট্যসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্যদলের সদস্যরাও কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালার সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন মো. জালাল উদ্দিন রুমি। বিজ্ঞপ্তি






