ইয়াবাকান্ডে জামালগঞ্জে বিএনপি নেতাকে অব্যাহতি
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৬, ৭:৪৫:৩৪ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান হোসেন রুবেলকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে| একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করেছে জেলা বিএনপি| সোমবার (১৩ জুলাই) সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এমপি এবং সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের যৌথ ¯^াক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে এমরান হোসেন রুবেল গ্রেপ্তার হওয়ার ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে| এতে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে| এ-সংক্রান্ত চিঠি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর কাছেও পাঠানো হয়েছে|
উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যায় জামালগঞ্জ ফেরিঘাট এলাকায় পুলিশের অভিযানে ১৯৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়| তাদের একজন ছিলেন এমরান হোসেন রুবেল (৪৮)| তিনি উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত নুরুল হোসেন ওরফে সুন্দর আলীর ছেলে এবং বর্তমানে জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকায় বসবাস করেন| এ ঘটনায় জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে|
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বন্দে আলী বলেন, ফেরিঘাট এলাকায় জনসমাগমের মধ্যেই এ অভিযান পরিচালিত হয়| মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত যে-ই হোক, তাদের আইনের আওতায় আনা পুলিশের দায়িত্ব| তিনি বলেন, একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে| এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি|






