কোম্পানীগঞ্জে ৯৪ হাজার ঘনফুট পাথর জব্দ
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৬, ৯:১১:৪১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জ্বালানি ও খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ৯৪ হাজার ৩৯০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করা হয়েছে।
সোমবার দিনব্যাপী পরিচালিত অভিযানে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বনপুর, আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম, বিজয়পাড় ও মাঝেরগাঁও গ্রামের বিভিন্ন স্থান থেকে এসব পাথর জব্দ করা হয়।
জানা গেছে, প্রায় ছয় বছর আগে উৎমা নদী ও কোয়ারি থেকে উত্তোলন করে বিভিন্ন বাড়িঘরের আশপাশে পাথরগুলো স্তুপ করে রাখা হয়েছিল। এর আগে এসব পাথর বিজিবি জব্দ করলেও নিলামে বিক্রি করা হয়নি।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। জব্দ করা পাথরগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যদের জিম্মায় রাখা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান জানান, অবৈধভাবে উত্তোলিত পাথরগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।





