রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৬, ৯:১৪:৫৭ অপরাহ্ন

মর্যাদাপূর্ণ ‘বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’ অর্জন করায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলীকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১-এ আয়োজিত অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে রাগীব আলী বলেন, দেশ ও সমাজের উন্নয়নে কাজ করেই জীবনের বাকি সময় কাটিয়ে দিতে চাই। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে লিডিং ইউনিভার্সিটিকে আরও এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সম্মাননা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণে রাগীব আলীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশ গঠনে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই আন্তর্জাতিক এই সম্মান অর্জনের জন্য রাগীব আলীকে অভিনন্দন জানান। এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকরা বক্তব্য দেন।
বক্তারা রাগীব আলীর শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে অবদানের প্রশংসা করে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের দাবি জানান।
অনুষ্ঠানে রাগীব আলীর জীবন ও কর্মভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। তাঁর সম্মানে মানপত্র পাঠ, স্বরচিত কবিতা ও ছড়া আবৃত্তির আয়োজনও ছিল। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের হাউস অব লর্ডসে আয়োজিত বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডস-২০২৬-এ শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দানবীর ড. সৈয়দ রাগীব আলী এ সম্মাননায় ভূষিত হন। বিজ্ঞপ্তি






