জৈন্তায় জুলাই শহীদ দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৬, ৯:২৯:৫১ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে আহত হাবিবুল্লাহ শিকদার, মাহমুদ হোসাইন, কাজী নূর উদ্দিন ও আব্দুল্লাহ ইলিয়াছ আন্দোলনের স্মৃতিচারণ করেন। তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়ের সভাপতিত্বে এবং বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল।
এ সময় উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ শামসুজ্জামান, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, উপজেলা যুব জামায়াতের সভাপতি নাজিম উদ্দীন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





