জৈন্তাপুরে রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৬, ১০:১৬:৫১ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, জগন্নাথ দেবের রথযাত্রা সহনশীলতা, নৈতিকতা ও মানবকল্যাণের বার্তা বহন করে। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবসেবার চেতনাই এ উৎসবের মূল শিক্ষা।
বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার নিজপাট লামাপাড়ায় হরেকৃষ্ণ নামহট্ট সংঘ, জৈন্তাপুর শাখার উদ্যোগে লামাপাড়া মহাপ্রভুর আখড়া থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো ভক্ত অংশগ্রহণ করেন।
রথযাত্রা পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা এবং ওসি (তদন্ত) উসমান গনি।
এ সময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, জৈন্তাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রণত দেব, লামাপাড়া মহাপ্রভু আখড়ার সভাপতি শ্যামল পুরকায়স্থ, হরেকৃষ্ণ নামহট্ট সংঘের সভাপতি নদিয়া গৌরহরি দাস নিপেশ, সাধারণ সম্পাদক পাণ্ডব মাধব দাস প্রশান্তসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






