গ্রিন-ক্লিন সিলেট গড়তে গাছ লাগানোর আহ্বান সিসিক প্রশাসকের
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৬, ৬:২৫:২৬ অপরাহ্ন
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
মঙ্গলবার দক্ষিণ সুরমার নসিবা খাতুন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের প্রকৃতিবিরোধী কর্মকাণ্ডের কারণে পরিবেশ আজ হুমকির মুখে। তাই ‘গ্রিন-ক্লিন সিলেট’ গড়ে তুলতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে।
তিনি বলেন, পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিকের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে সিটি কর্পোরেশনের কর্মীরা দিনরাত ড্রেন ও ছড়া পরিষ্কারের কাজ করছেন বলেও উল্লেখ করেন।
সিসিক প্রশাসক অভিযোগ করেন, কিছু অসচেতন ব্যক্তি ড্রেন ও ছড়ায় আবর্জনা ফেলায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। তিনি পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর সহযোগিতায় এবং ইউনাইটেড ন্যাশনস ডেমোক্রেসি ফান্ড (ইউএনডিইএফ)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নসিবা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা ইয়াসমিন। স্বাগত বক্তব্য দেন এফআইভিডিবির সমন্বয়ক আজিম উদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল কামাল, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার রশীদ, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন এবং খোজারখলা সমাজকল্যাণ সংঘের সভাপতি রুহেল আহমদ।
পরে সিসিক প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। এছাড়া তিনি দক্ষিণ সুরমার ইসরাব আলী স্কুল অ্যান্ড কলেজ এবং ৪০ নম্বর ওয়ার্ডের পালপুর এলাকা পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি





