ইসকনের অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে সম্প্রীতির ঐতিহ্য অটুট
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৬, ৭:৫৩:৩৭ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট হজরত শাহজালাল (রহ.) ও শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতিধন্য ভূমি। শতাব্দীর পর শতাব্দী ধরে এ অঞ্চলে হিন্দু, মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনে মিলেমিশে বসবাস করে আসছেন।
মঙ্গলবার সন্ধ্যায় রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটে ধর্মীয় উৎসব শুধু একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সম্প্রীতির এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। এই ঐতিহ্য অতীতেও ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও বজায় থাকবে।
তিনি আরও বলেন, ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি ইসকন অসহায় মানুষের সহায়তা, খাদ্য বিতরণ, চিকিৎসাসেবা ও বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে, যা প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় ইসকন সিলেটের সম্পাদক ভাগবত করুণা দাস বলেন, সিলেটে ইসকনের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সব ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি রথযাত্রা উৎসবে সিলেট সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসকন সিলেটের দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস এবং যোগাযোগ বিভাগের সহকারী পরিচালক সিদ্ধ মাধব দাস।
আলোচনা সভা শেষে ভক্তিমূলক সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক ভক্ত, সুধীজন ও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ অংশ নেন। বিজ্ঞপ্তি






