মানসিক ভারসাম্যহীন ২ বোনের পাশে জুড়ী পুলিশ
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৬, ৭:৫৫:০৭ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর (চাক্কাটিলা) গ্রামের শিকলবন্দী দুই মানসিক রোগী বোনের পাশে দাঁড়িয়েছে জুড়ী থানা পুলিশ। বুধবার দুপুরে জুড়ী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম অসহায় পরিবারটির বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী প্রদান করেন এবং তাদের খোঁজখবর নেন।
জানা গেছে, মৃত মরতুজ আলীর স্ত্রী জামিনা খাতুনের দুই মেয়ে আফিয়া খাতুন ও রোবেনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। দারিদ্র্য, অর্থসংকট ও চিকিৎসার অভাবে একজন প্রায় ১৫ বছর এবং অন্যজন প্রায় ৮ বছর ধরে বাড়িতেই শিকলবন্দী অবস্থায় রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, মৃত সন্তান প্রসবের পর দুই বোনই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তাদের অবস্থার আরও অবনতি ঘটে। বর্তমানে বৃদ্ধ মা জামিনা খাতুনের আশ্রয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা।
জামিনা খাতুন বলেন, অর্থের অভাবে মেয়েদের চিকিৎসা করাতে পারছেন না। সহযোগিতা পেলে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতে পারে।
ওসি রফিকুল ইসলাম বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই পুলিশ পরিবারটির পাশে দাঁড়িয়েছে। সমাজের বিত্তবান ব্যক্তি ও সেবামূলক প্রতিষ্ঠান এগিয়ে এলে দুই বোনের চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে।
পশ্চিম জুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, পরিবারটিকে নগদ অর্থ, খাদ্য সহায়তা ও ঘর নির্মাণের জন্য টিন দেওয়া হয়েছে। এছাড়া দুই মেয়ের প্রতিবন্ধী ভাতা এবং তাদের মায়ের বিধবা ভাতার ব্যবস্থাও করা হয়েছে।
স্থানীয়দের আশা, দীর্ঘদিন চিকিৎসাবঞ্চিত এই দুই নারীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। এজন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।





