শাহ্ খুররম ডিগ্রী কলেজের নতুন ভবন শিক্ষাবিস্তারে নতুন দিগন্ত উন্মোচন করবে : কয়েস লোদী
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৬, ৮:১৩:৫৪ অপরাহ্ন
শাহ্ খুররম ডিগ্রী কলেজের জন্য একাডেমিক ভবন বরাদ্দ দেওয়ায় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রেজাউল হাসান লোদী কয়েস। তিনি বলেন, নতুন একাডেমিক ভবন এ অঞ্চলের শিক্ষাবিস্তারে নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি ভবনের একতলার কাজের টেন্ডার সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করে চারতলা ফাউন্ডেশন অনুযায়ী পুরো ভবন চারতলা নির্মাণের দাবি জানান।
তিনি আরও বলেন, কলেজে নতুন পাঁচটি বিষয়ে অনার্স কোর্স অনুমোদিত হওয়ায় শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ, অডিটোরিয়াম ও খেলার মাঠের প্রয়োজন রয়েছে। এসব দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শহীদ আহমদ এবং সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমর উদ্দিনের সভাপতিত্বে এবং অধ্যাপক কানিজ ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যাপক কৃষ্ণ ভট্টাচার্য্য, অধ্যাপক আব্দুস শহীদ, অধ্যাপক সুবেন্দ্র শেখর পাল, অধ্যাপক মিন্টু চন্দ্র দাস, অধ্যাপক রণদীপ চৌধুরী, অধ্যাপক পানামা বেগম, অধ্যাপক সঞ্জয় কুমার তালুকদার, অধ্যাপক আব্দুল বারী, অধ্যাপক জালাল মিয়া, অধ্যাপক শরীফ উদ্দিন ও অধ্যাপক শফিক মিয়াসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জুবায়ের আহমেদ এবং গীতা পাঠ করেন রহিত দাস। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে কলেজের সার্বিক উন্নয়ন এবং খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি






