জুলাই অভ্যুত্থান বর্ষপুর্তিতে খেলাফত মজলিসের সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৬, ৯:৩৫:০৩ অপরাহ্ন

সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, বিগত দিনসমূহে সিলেটের সাথে চরম বৈষম্য করা হয়েছে। যার ফলে উন্নয়নের সব সূচকেই আমাদের সিলেট পিছিয়ে। জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া। অভ্যুত্থানোত্তর বাংলাদেশে সিলেটবাসী আর বৈষম্য দেখতে চায়না। তিনি ঢাকা-সিলেট রেললাইন আধুনিকায়ন, ছয় লেনের কাজ দ্রুত সম্পন্নকরণ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে সকল দেশে ফ্লাইট পরিচালনা ও সিলেটের গ্যাস দিয়ে সিলেটের গ্রাহকদের আবাসিক চাহিদা পুরণে পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়ে বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেটের রেমিট্যান্স দিয়ে দেশের রিজার্ভের সিংহভাগ যোগান হয়, সেই সিলেট উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে থাকবে; তা মেনে নেয়া যায়না। আমাদের মধ্যে রাজনৈতিক মত ভিন্নতা থাকতে পারে, তবে সিলেটের উন্নয়নের জন্য আমরা সবাই একজোট। আমরা সংসদের ভিতরে সোচ্চার আছি। প্রয়োজনে সংসদের বাইরেও সোচ্চার হবো।
বৃহস্পতিবার বিকেলে রেজিস্ট্রারী মাঠে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো।
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে জুলাই সনদের বাস্তবায়ন, শাপলা ও জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ করার দাবীতে এ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
মুফতি আবুল হাসান এমপি আরো বলেন, জুলাই আন্দোলনের চেতনা ছিলো বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া, ন্যায়-ইনসাফের সমাজ গড়া এবং সকল আধিপত্যবাদমুক্ত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গড়ার। আমরা যদি এদেশকে বৈষম্যমুক্ত না করতে পারি, ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারি তাহলে জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে আমরা গাদ্দারী করবো।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান।
কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা দিলওয়ার হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদের যৌথ পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা সৈয়দ আলী আসগর, মহানগর সহ সভাপতি আবদুল হান্নান তাপাদার, মাওলানা শাহ আশিকুর রহমান, জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা অলিউর রহমান, মাওলানা আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আবদু ওয়াদুদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান, সিলেট পশ্চিম জেলা সভাপতি আবদুল বাসিত, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি আবদুর রহীম প্রমূখ। বিজ্ঞপ্তি





