শিশুরাই সবুজ ও শান্তির পৃথিবী গড়ার কারিগর
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৬, ৯:৪০:০৯ অপরাহ্ন
এসওএস চিলড্রেনস ভিলেজ পরিদর্শনে জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক শিক্ষা, ভালোবাসা ও পরিচর্যার মাধ্যমে গড়ে তুলতে পারলে তারাই একটি সুন্দর, সবুজ ও শান্তির পৃথিবী নির্মাণ করবে।
বুধবার দুপুরে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে অবস্থিত এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, শিশুদের মন কাঁচা মাটির মতো কোমল। তারা হিংসা-বিদ্বেষ বোঝে না, সবাইকে সমানভাবে দেখতে শেখে। গাছ লাগানো, পশুপাখির সঙ্গে সময় কাটানো এবং ছবি আঁকার মাধ্যমে তারা একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে। তাই শিশুদের বিকাশে সুস্থ, নিরাপদ ও পরিচর্যাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, এসওএস চিলড্রেনস ভিলেজ ন্যাশনাল অফিসের আইসিটি ডিরেক্টর মোহাম্মদ আলী, এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেটের ডেপুটি ডিরেক্টর ও ইনচার্জ মাজহারুল ইসলাম খান, এসওএস সামাজিক কেন্দ্র সিলেটের তানবীর আহমদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এ সময় এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেটের পক্ষ থেকে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।






