সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবায় কাজ করবে সেলফলেস ইউকে
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৬, ১০:২৮:৫০ অপরাহ্ন

সিলেট নগরবাসীর চিকিৎসাসেবার মানোন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যভিত্তিক মানবিক সংগঠন সেলফলেস ইউকে-এর চিকিৎসকরা।
বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনটির ১০ সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল এ আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের মানুষের চিকিৎসাসেবার মানোন্নয়নে দেশ-বিদেশের চিকিৎসক ও মানবিক সংগঠনের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলফলেস ইউকের এ উদ্যোগ প্রশংসনীয় এবং এটি নগরবাসীর স্বাস্থ্যসেবা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি বলেন, সিটি কর্পোরেশন নাগরিকদের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। আন্তর্জাতিক মানবিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্য ক্যাম্প, সচেতনতামূলক কার্যক্রম এবং বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সম্প্রসারণ করা সম্ভব হবে।
এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সেলফলেস ইউকের প্রতিনিধি দলে ছিলেন ডা. বারিদা পই, ডা. এলিসিয়া জ্যাকসন, ডা. নাওমি পটস, ডা. আন্নাহ ফারওয়া, ডা. আমিনা চৌধুরী, ডা. আমনা ইমরান, ডা. অশ্বিনদার গুগনানি, ডা. কাওলান ইরেনাচ, ডা. নাঈম আহমদ ও ডা. জাহাঙ্গীর আলম। এছাড়া সেলফলেস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুস সামাদ চৌধুরীও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






