কমলগঞ্জে উল্টো রথযাত্রা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৬, ৯:৪৯:৫৫ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ৯ দিনব্যাপী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সোয়া ৫টায় কেন্দ্রীয় দুর্গাবাড়ী ও ইসকন মন্দির থেকে পৃথক পৃথকভাবে নারী-পুরুষ ও শিশু ভক্তদের সমন্বয়ে দুটি বিশাল উল্টা রথ যাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্ব স্ব মন্দিরে গিয়ে সমাপ্তি ঘটে।
উল্টো রথযাত্রা শুরুর প্রারম্ভে বিকাল ৫টায় কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে সংক্ষিপ্ত আলোচনা সভায় সুমন দে এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি প্রমেশ পাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত, রথযাত্রা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভূষন রায়, লোংকনাথ সেবা সংঘের সভাপতি অর্জুন দেব, সাধারণ সম্পাদক অলক দেব প্রমুখ।




