জুড়ীতে সীমানা প্রাচীর বিরোধে নারীর পা বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৬, ৭:৪৩:২৪ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে এক নারীর পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুটি পরিবারের মধ্যে সীমানা প্রাচীর নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শনিবার উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে রুজিনা বেগম ধারালো দা দিয়ে হালিমা বেগমকে এলোপাতাড়ি কোপ দেন। এতে হালিমা বেগমের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত হালিমা বেগমকে উদ্ধার করে প্রথমে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।






