তাহিরপুরে ব্যবসায়ী ও হাউসবোটে ‘বাংলা কিউআর’ কোড বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৬, ৯:৪৯:৩৪ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে সুনামগঞ্জের তাহিরপুরে ব্যবসায়ী ও পর্যটকবাহী হাউসবোটে ‘বাংলা কিউআর’ কোড বিতরণ করেছে সোনালী ব্যাংক পিএলসি, তাহিরপুর শাখা।
রোববার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার সদর বাজারের ১৯টি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি পর্যটকবাহী হাউসবোটের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘বাংলা কিউআর’ কোড তুলে দেন সোনালী ব্যাংক তাহিরপুর শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) অর্পন যেত্রা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অর্পন যেত্রা বলেন, বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ‘বাংলা কিউআর’ একটি সার্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাপ ব্যবহার করে সহজেই অর্থ পরিশোধ করা যায়। তিনি বলেন, ক্যাশলেস সমাজ গঠন, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জাল নোটের ব্যবহার রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ২০টি বাংলা কিউআর কোড বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে উপজেলার আরও ব্যবসা প্রতিষ্ঠান ও পর্যটকবাহী হাউসবোটে এ সেবা সম্প্রসারণ করা হবে।
প্রিন্সিপাল অফিসার রাজীব দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, ব্যাংক কর্মকর্তা স্বদেশ চন্দ্র পাল, সারোয়ার আলম, মোসাদ্দিক আকন্দ, হেদায়াত হোসেন, অলি, অমৃত চন্দ্র বর্মন, আনোয়ার, ইকবালসহ স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন।





