সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৭
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৬, ৮:১৪:০২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও একজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তি সিলেট নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এনিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে। তবে চলতি মওসুমে বিভাগে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২৮ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্র জানিয়েছে, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত চারজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজন সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে, একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ভর্তি আছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারী থেকে ২৮ জুলাই পর্যন্ত বিভাগে সর্বোচ্চ ৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন হবিগঞ্জ জেলায়। এছাড়া সিলেট জেলায় ২০ জন, সুনামগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ৯ জন এবং বিভাগের বাইরের তিনজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এদিকে, চলতি বছর সিলেট বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।






